বেলুচিস্তানে হামলা-পাল্টা হামলা, নিরাপত্তা সদস্যসহ নিহত ২৭
- আপডেট সময় : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পাকিস্তানের বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলায় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তাসহ পাঁচ সদস্য ও কাস্টমস বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে প্রদেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২১ সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর রাত পর্যন্ত চাগাই জেলার নোকচা ও পিশিন জেলার জিয়ারাত ক্রসে কয়েকটি সংঘর্ষ হয়। এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২১ সশস্ত্র সদস্য নিহত হন।
আইএসপিআর জানায়, কাস্টমস হাউসে হামলার ঘটনায় সশস্ত্র সদস্যরা সমন্বিতভাবে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে ১০ হামলাকারী নিহত হন।
পরে পালিয়ে যাওয়া হামলাকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে কাস্টমস বিভাগের একজন সরকারি কর্মকর্তাও রয়েছেন।
আইএসপিআর আরও জানিয়েছে, আশপাশের এলাকায় তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অবশিষ্ট হামলাকারীদের ধরতে এবং স্থানীয় বাসিন্দা ও গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান চালানো হচ্ছে।
এর আগে রোববার চাগাই এলাকায় এন-৪০ কুয়েটা-তাফতান মহাসড়কে একটি অবৈধ তল্লাশিচৌকি বসানোর চেষ্টা করে সশস্ত্র একটি গোষ্ঠী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১১ জন নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের দাবি করেছে আইএসপিআর।
এ ছাড়া সোমবার চাগাই এলাকায় রেকো ডিক তামা ও স্বর্ণ প্রকল্পের যানবহরে হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ জন নিহত হন। একই দিনে ওয়াশুক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে আরও দুই সশস্ত্র সদস্য নিহত হন।
পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এবং বেলুচিস্তানভিত্তিক গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করে থাকে।




















