বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মাসুদুর
- আপডেট সময় : ০১:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৬০৮ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল মাসুদুর রহমান। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি বেনাপোলের হরিদাস ঠাকুরের পাঠবাড়ি ও সাদিপুরের পেঁচোর বাঁওড় আশ্রমসহ সীমান্তবর্তী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সীমান্তে দিন-রাত টহল ও গোয়েন্দা নজরদারি
বিজিবি সূত্রে জানা গেছে, যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এ বছর ২৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিন-রাত টহল, রেকি, গোয়েন্দা নজরদারি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছেন।
পাশাপাশি সীমান্ত এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের তৎপরতা প্রতিরোধে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ও সাঁজোয়া যান।
২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দুই হাজার বিজিবি সদস্য
বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা ৫৮টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এপিসি প্লাটুন ও বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
উৎসবের পরিবেশ স্বাভাবিক রাখতে বিজিবির সতর্কতা
প্রেস ব্রিফিংয়ে কর্নেল মাসুদুর রহমান বলেন, সীমান্তবর্তী পূজামণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, কোনো দুষ্কৃতকারী যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য বিজিবি আগে থেকেই সতর্ক রয়েছে। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহযোগিতা দিতে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা সামনে রেখে সীমান্তবর্তী বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)গুলোতে জনবল বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় উৎসব চলাকালে সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।

























