বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার টাকা
- আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। ছয় মাস মেয়াদি এ কর্মসূচিতে দুজন ইন্টার্ন নেওয়া হবে। নির্বাচিতরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।
যেসব বিষয়ে ইন্টার্নশিপ
পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা এবং পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনা বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ থাকছে।
সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের নাগরিক হতে হবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ বা পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে অ্যাপিয়ার্ড প্রার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
যেসব শর্ত মানতে হবে
- ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
- একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
- বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপের ক্ষেত্রে এ আবেদন প্রযোজ্য নয়।
- বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত হলে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তি সনদ (এনওসি) দিতে হবে।
- ইন্টার্নশিপ চলাকালে ‘কর্মে নিয়োজিত’ মর্মে কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ শেষ করলে সনদ দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর বিআরটিসির প্রধান কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬।


























