প্রাথমিক শিক্ষা পরিচালনায় নতুন নীতিমালা হবে: ববি হাজ্জাজ
- আপডেট সময় : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৯৫২ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে।
তিনি জানান, এরই মধ্যে তিনটি বিভাগে এ ধরনের কর্মশালা হয়েছে। চলতি মাসের মধ্যে সব বিভাগে কর্মশালা শেষ করার পরিকল্পনা রয়েছে। কর্মশালায় কর্মকর্তাদের দেওয়া মতামত ও পরামর্শ পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
ববি হাজ্জাজ বলেন, শুধু মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়ে তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করলেই প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। কারণ, মাঠপর্যায়ের কর্মকর্তারা শিক্ষা কার্যক্রম পরিচালনার সময় নানা বাস্তব সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও নির্দেশনা মাঠপর্যায়ে জানানো হচ্ছে। একই সঙ্গে এসব নির্দেশনা বাস্তবায়নে কী ধরনের সমস্যা হচ্ছে, তাও কর্মকর্তাদের কাছ থেকে জানা হচ্ছে। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মনিটরিং ও জবাবদিহিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। শ্রেণিকক্ষের পাঠদান থেকে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কার্যকর নজরদারি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া প্রশাসনিক কাঠামো সংস্কার, দায়িত্ব বণ্টন, কাজের সমন্বয় এবং কর্মকর্তাদের ভূমিকা স্পষ্ট করার বিষয়েও কর্মশালায় আলোচনা হয়।
দিনব্যাপী এ কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এতে প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, শ্রেণি কার্যক্রম, শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব, মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় পাওয়া মতামত ও পরামর্শ নতুন নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
























