সাতক্ষীরার তালায় ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৩:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির অপবাদে ক্ষিতিশ মন্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী ছিলেন। তাঁর নিজেরও প্রায় চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
মাছ চুরির সন্দেহে আটক, রাতভর নির্যাতনের অভিযোগ
নিহিতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তালা উপজেলার জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, আটকের পর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে তাঁর ওপর রাতভর নির্যাতন চালানো হয়।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নির্যাতনের সময় ক্ষিতিশের হাত-পা ভেঙে দেওয়া হয়। এ ছাড়া তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এমনকি তাঁর চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
শুক্রবার সকাল ৮টার দিকে ক্ষিতিশ মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাছ চুরির অভিযোগে কাউকে এভাবে নির্যাতন করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিহত ক্ষিতিশ মন্ডলের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, ক্ষিতিশের নিজেরই চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। তিনি একজন স্বাধীন ঘের ব্যবসায়ী ছিলেন। এরপরও মাছ চুরির অপবাদ দিয়ে তাঁকে রাতভর গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পার্থ মন্ডল আরও বলেন, এ ধরনের নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
পুলিশের বক্তব্য
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, মাছ চুরির অপবাদে ক্ষিতিশ মন্ডলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।






















