নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় বাবার মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধের জেরে বাড়ির সামনের রাস্তায় তার ওপর হামলা হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা আক্কাস খানকেও মারধর ও কুপিয়ে আহত করে।
স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে আক্কাস খানের মৃত্যু হয়। আহত জসিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



























