প্রথমবার নারী বিশ্বকাপে আফ্রিকার দেশ মালাউই
- আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নারী আফ্রিকা কাপ অব নেশনসের (ওয়াফকন) অভিষেক আসরেই ইতিহাস গড়েছে মালাউই। শক্তিশালী ঘানাকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দলটি।
কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল মালাউই। তবে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় তারা। ম্যাচের ৭৯তম মিনিটে রোজ কাডজেরের করা গোলেই নিশ্চিত হয় ঐতিহাসিক জয়।
এই জয়ের ফলে ২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে মালাউই। আফ্রিকার ফুটবলে যাদের বড় শক্তি হিসেবে বিবেচনা করা হতো না, সেই দলই এখন মহাদেশের সেরা চার দলের একটিতে পরিণত হয়েছে।
নারী আফ্রিকা কাপ অব নেশনসে প্রথমবার অংশ নিয়েই এমন সাফল্য মালাউইয়ের জন্য বড় অর্জন। দলটির এই পারফরম্যান্স আফ্রিকার নারী ফুটবলে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে ঘানা। তবে তাদের বিশ্বকাপের আশা এখনো শেষ হয়নি। ‘ব্ল্যাক কুইন্স’কে খেলতে হবে আফ্রিকান প্লে-অফে। সেখানে আইভরি কোস্টের বিপক্ষে জিততে পারলে আন্তঃমহাদেশীয় প্লে-অফে যাওয়ার সুযোগ পাবে তারা।
সেখানেও সফল হলে ২০২৭ সালের ব্রাজিল নারী বিশ্বকাপে জায়গা করে নেওয়ার শেষ সুযোগ থাকবে ঘানার সামনে।






















