দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার
- আপডেট সময় : ০৪:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একটি দেশের বড় সম্পদ তার জনসংখ্যা। তাই দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। একই সঙ্গে জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইন্ডো: আ পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে স্পিকার বক্তব্য দেন। ইউএনএফপিএর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
স্পিকার বলেন, উন্নয়ন শুধু অর্থনৈতিক পরিবর্তনের বিষয় নয়। মানুষের জীবনমানের পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে।
নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব
হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনমিতিক, জেন্ডার ও দীর্ঘায়ু লভ্যাংশ পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এসব সুযোগ কাজে লাগাতে কার্যকর নীতিগত পরিকল্পনা প্রয়োজন।
তিনি বলেন, শুধু নীতি প্রণয়ন করলেই হবে না। পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে আইন প্রণয়ন ও সংস্কার করতে হবে। পাশাপাশি বাজেটের কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
স্পিকার আরও বলেন, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় এসব নীতি বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। প্রতিটি নাগরিকের উন্নয়নের সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ জন্য নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে হবে। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তরুণদের দক্ষতা উন্নয়নের আহ্বান
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন করা গেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি বলেন, তরুণদের দক্ষতা এবং প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। একই সঙ্গে দক্ষ জনশক্তি ও মানবসম্পদ বিদেশে পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশের জনসংখ্যার কাঠামোর পরিবর্তন নিয়ে আলোচনা হয়। অর্থনৈতিক সুযোগের তিনটি পৃথক জানালা কাজে লাগাতে পৃথক নীতিগত পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
‘বাংলাদেশের জনমিতিক সুযোগ: সম্ভাবনা, সময় ও ঝুঁকি’ বিষয়ে মূল আলোচকরাও বক্তব্য দেন। অনুষ্ঠানে সংসদ সদস্য, ইউএনএফপিএ ও এসপিসিপিডি প্রকল্পের প্রতিনিধি এবং পরিকল্পনা মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























