তিন পার্বত্য জেলায় সেরা রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল
- আপডেট সময় : ০৪:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষার ফলাফলে তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মধ্যে সেরা ফলাফল করেছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে এবার ১৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে ষষ্ঠ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার ফল প্রকাশের পর লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কৃতী শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান শিক্ষকরা।
প্রতিষ্ঠানটির ফলাফল অনুযায়ী, ১৬১ পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩৬ দশমিক ৬৪ শতাংশ।
তিন পার্বত্য জেলার অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানের তুলনায় লেকার্সের ফলাফল এগিয়ে রয়েছে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯৪ দশমিক ৩০ শতাংশ।
লেকার্সের শিক্ষার্থীরা জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের তত্ত্বাবধান ও পরিবারের সহযোগিতায় এ সাফল্য এসেছে।
অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম হওয়া এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করবে।
এ বছর রাঙামাটি জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ২১ শতাংশ। মোট ৭ হাজার ১৭৩ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন।






















