চট্টগ্রামে বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা
- আপডেট সময় : ০৮:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের উপজেলাগুলোর পানি নামতে শুরু করলেও পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ছে। সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালীর অনেক জায়গা এখনো প্লাবিত থাকায় কয়েক লক্ষ মানুষ পানিবন্দি হয়ে আছে। অনেক মানুষ এখনো ত্রাণ না পাওয়ার অভিযোগ করলেও প্রশাসনের কর্মকর্তারা বলছেন বন্যা দুর্গতদের সহায়তায় তারা সর্বোচ্চ চেস্টা করছেন।
টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল যোগ হয়ে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া উপজেলা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। এ উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেকটি গ্রাম প্লাবিত হয়েছে।
অন্যদিকে বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বন্যা দেখা দিয়েছে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতে। শনিবার সকাল থেকে বিভিন্ন সড়ক ও গ্রামের পানি নামতে শুরু করেছে। তবে তা তুলনামূলকভাবে ধীর গতিতে।
কিছু গ্রামে ও সড়কে পানি নামতে শুরু করায় মানুষ পায়ে হেঁটে ও ভ্যানে চলাচল করতে পারছে। তবে অনেক এলাকায় মানুষের চলাচলের অন্যতম বাহন হয়ে উঠেছে নৌকা। এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকায় মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছেনা। সরকারিভাবে উপজেলাগুলোতে ত্রাণ দেয়া হচ্ছে। তবে অনেক স্থানে এখনো কোন সরকারি সহায়তা পৌছেনি বলে অভিযোগ করেছেন বন্যায় আক্রান্তরা।
বন্যাকবলিত এলাকার ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৭৬টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।























