গাজীপুরে নির্ধারিত টোলের চেয়ে কয়েকগুণ বেশি আদায়ের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের নির্ধারিত টোলের চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায়ের অভিযোগে ৩৪ নম্বর ওয়ার্ডের মালেকের বাড়ি এলাকার কাঁচাবাজারে দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো ব্যবসায়ীদের দোষারোপ করেছেন ইজারাদার। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের মালেকের বাড়ি এলাকার কাঁচাবাজার একসময় ছিল জমজমাট। কিন্তু নতুন করে ইজারা দেয়ার পর থেকেই স্থবির হয়ে পড়েছে পুরো বাজারটি। নতুন ইজারাদারের বিরুদ্ধে রশিদবিহীন অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে মাছ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এর ফলে বাজারে আসা ক্রেতা, স্থানীয় বাসিন্দা ও ভোক্তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
সম্প্রতি ৪৫ লাখ টাকায় এক বছরের জন্য বাজারটির ইজারা নেন মোগরখাল এলাকার হাবিবুল্লাহ বেলালী। সিটি করপোরেশনের নির্ধারিত টোল চার্ট অনুযায়ী মাছ মহল থেকে সর্বোচ্চ ৩০ টাকা নেয়ার কথা থাকলেও, এর কয়েকগুণ বেশি টাকা আদায়ের অভিযোগ করছেন ব্যবসায়ীরা। রশিদ ছাড়া টাকা আদায়ের অভিযোগে সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো সমাধান পাননি তারা। প্রতিবাদে বাজারের অন্তত ৭০ জন ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে উল্টো ব্যবসায়ীদের দোষারোপ করলেন ইজারাদার হাবিবুল্লাহ বেলালী।
তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
দ্রুত সমাধান না হলে বাজারের স্বাভাবিক কার্যক্রমে ফেরার সম্ভাবনা কম বলে জানান সংশ্লিষ্টরা। এতে ভোগান্তি আরও বাড়তে পারে স্থানীয়দের।
























