কৃষকদের সহায়তায় বোরো ধান ও চাল সংগ্রহের তারিখ এগিয়ে এনেছে সরকার
- আপডেট সময় : ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় বোরো ধান ও চাল সংগ্রহের তারিখ এগিয়ে এনেছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ তারিখের পরিবর্তে আগামী ৩ মে থেকে এই সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ছয়টি জেলা— নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাওর অঞ্চলের বাইরে দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল। সরকার নির্ধারিত সংগ্রহ মূল্য অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ধান ও চালের পাশাপাশি ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। খাদ্য বিভাগের তথ্যমতে, সরকারের এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।














