কুমিল্লার লালমাইয়ে নার্সারির পাঁচ শতাধিক ফলজ চারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
- আপডেট সময় : ০৭:২০:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কুমিল্লার লালমাইয়ে রাতের আঁধারে এক নার্সারির পাঁচ শতাধিক ফলজ চারা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের কাঁছিয়াপুকুরিয়া মুজিবনগর সংলগ্ন এলাকায় অবস্থিত ওমর নগর নার্সারিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নার্সারির স্বত্বাধিকারী প্রবাস ফেরত মিজানুর রহমান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী। এই বিষয়ে লালমাই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।
জানা গেছে, কাছিয়াপুকুরিয়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান গত দেড় বছর পূর্বে ৩০ শতক জমিতে বিভিন্ন জাতের ফুল, ফল, সবজি গাছ ও কলমের চারা উৎপাদন এবং বিক্রির জন্য নার্সারি সৃষ্টি করে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাগানের প্রায় সব চারা গাছগুলোই ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। এরমধ্যে অধিকাংশ চারা গাছ মাঝামাঝি অংশ থেকে সম্পূর্ণ কেটে ফেলেছে।
ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান জানান, আমার ইচ্ছা ছিল উদ্যোক্তা হওয়ার। তাই আমি দুই বছর আগে সৌদি আরব থেকে দেশে এসে নিজের ক্রয়কৃত জমিতে চারা উৎপাদনকে পেশা হিসেবে বেছে নেই। তাই দেড় বছর আগে এখানে একটি বড় নার্সারি গড়ে তুলি। অনেক কষ্টে পরিচর্যা করে চারা গাছগুলো বড় করেছি। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা আমার নার্সারিতে উৎপাদিত এবং উত্তরাঞ্চল থেকে ক্রয়কৃত উন্নত জাতের আম, মালটা, পেঁপে, জলপাই, কলা, লটকনসহ প্রায় ৫ শতাধিক ফলজ চারা গাছ কেটে ফেলে। সকালে নার্সারিতে গিয়ে দেখি চারা গাছগুলো গোড়া থেকে কাটা। আমার লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন আজ শেষ হয়ে গেল।
কান্নাজরিত কন্ঠে তিনি আরো বলেন, প্রবাস থেকে দেশে আসার পর গাছগুলো বিক্রি করে আমার সংসার চলত। বৃদ্ধ মা-বাবা ও চার সন্তান নিয়ে চলতে আমার খুব কষ্ট হয়। এরমধ্যে আমার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল। আমার সাথে কারও শত্রুতা নেই কিন্তু পূর্বেও রাতের আঁধারে নার্সারির পাশে আমার ফিসারিতে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে এবং নার্সারির ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।
চারার সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান মিন্টু বলেন, তার নার্সারিতে পূর্বেও এরকম দুইটা ঘটনা ঘটেছে। তবে এবারে ক্ষতির পরিমাণটা বেশি। আমি চাই এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এই বর্বরতার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















