উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ দিনে ৭ জন নিহত
- আপডেট সময় : ০৭:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৭০৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র গত তিনদিনে ৭ জন নিহত হয়েছে। ঘটনায় ক্যাম্পজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনাবাহিনী, রেব, পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।
এসব ঘটনায় গুলিবিদ্ধ আনসার সদস্য কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গেলরাতে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে পুরনো এবং নতুন রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষে শীর্ষ সন্ত্রাসী মুন্নার দুই ভাইসহ তার বাহিনীর চার সদস্য নিহত হয়। এ নিয়ে ক্যাম্পে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। চারজনের মৃতদেহ রাতে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্কিত অনেকে সংঘর্ষিত ক্যাম্প এলাকা ছেড়ে অন্য ক্যাম্পে অবস্থান নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুতুপালং ক্যাম্পে গত ৪ ও ৫ অক্টোবর ৩ রোহিঙ্গা নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ৯ রোহিঙ্গা ডাকাতকে আটক করে আইন-শৃংখলা বাহিনী। এরপর সন্ধ্যায় কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে রোহিঙ্গারা। এতে একজনকে গলাকেটে অপর ৩ জনকে গুলি করে হত্যা করা হয়।


























