আগামী ১৪ দিনে চীনের উহান প্রদেশ থেকে কোনো বাংলাদেশীকে ফেরত আনা সম্ভব হবে না
- আপডেট সময় : ০২:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
সব প্রস্তুতি সত্ত্বেও আগামী ১৪ দিনে চীনের উহান প্রদেশ থেকে কোনো বাংলাদেশীকে ফেরত আনা সম্ভব হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন করোনা মোকাবেলায় চীন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন বাংলাদেশেও চীনা নাগরিকদের পর্যবেক্ষণ করা হচ্ছে। দুপুরে ঢাকার একটি হোটেলে ইমপ্লিমেন্টেশন অব দ্য থার্ড পেরিওডিক রিভিউ অব বাংলাদেশ- শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
পুরো চীনে কয়েক হাজার বাংলাদেশী নানান কাজে অবস্থান করছে। যাদের একটি অংশ ছাত্র-ছাত্রী। সম্প্রতি চীনে রহস্যজনক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সবাই। ইউপিআর বিষয়ক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত থাকলেও আগামী ১৪ দিনেও সম্ভব হবে না।
বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের ব্যাপারে করণীয় নিয়ে কথা বলেন ড. মোমেন। বাংলাদেশীদের চীন সফরের ব্যাপারে এখনো কোন নিষেধাজ্ঞা জারি না হলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন আব্দুল মোমেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।



























