অপরিশোধিত তেল সংকটে উৎপাদন বন্ধের মুখে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড
- আপডেট সময় : ০৪:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
অপরিশোধিত তেল আমদানীর অভাবে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার- ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের উৎপাদন কার্যক্রম বন্ধের পর্যায়ে পৌঁছেছে। ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম বর্তমানে ডেড স্টক দিয়ে চালু রাখা হয়েছে। এদিকে, সরকার বিকল্প উপায়ে সৌদি আরবের কাছ থেকে এক লাখ টন ক্রুড অয়েল কেনার জন্য ঋণচুক্তি করেছে। আগামী মাসে সেটি দেশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা।
রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সাধারণত দৈনিক গড়ে সাড়ে ৪ হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন করে থাকে। তবে বর্তমান সংকট বিবেচনায় পরিশোধন কমিয়ে দৈনিক সাড়ে ৩ হাজার টন করা হয়েছে। তবে বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ ২ হাজার টনের নিচে নেমে এসেছে। এর বাইরে মজুদ ট্যাঙ্কের তলানিতে জমে থাকা ডেডস্টক রয়েছে প্রায় ১০ হাজার টন এবং পাইপলাইনে রয়েছে আরও ৫ হাজার টন। পাইপলাইনের এই তেল বিশেষভাবে পাম্প করে ট্যাঙ্কারে আনতে হবে।
জ্বালানি বিভাগ ও বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন, ইআরএল যাতে বন্ধ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তেল আমদানির চেষ্টা চলছে। এক লাখ টন অপরিশোধিত তেল আমদানির জন্য গত ১ এপ্রিল একটি কোম্পানিকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
ইআরএল সাময়িকভাবে বন্ধ হলেও দেশে জ্বালানি তেলের সরবরাহে বড় কোনো সংকটের আশঙ্কা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ইআরএল মূলত এরাবিয়ান লাইট ক্রুড ও মারবান ক্রুড পরিশোধন করে। তাই এর বিকল্প খুঁজে পাওয়াটা বাংলাদেশের জন্য সহজ নয়।
দেশে সর্বশেষ অপরিশোধিত তেলের চালান এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মার্চ মাসে ২ লাখ টন তেল আসার কথা থাকলেও ইরান যুদ্ধের কারণে তা পৌঁছায়নি।





















