দুদকের মামলায় সাবেক এমপি বদির বিচার শুরু
- আপডেট সময় : ০৫:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৪০ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
সকালে বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো.ইসমাইল হোসেন এ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১৫ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে। আবদুর রহমান বদি এ মামলায় জামিনে আছেন। অভিযোগ গঠনের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। দুদক জানায়, প্রায় ৪৪ লাখ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরের বছর তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। পরে দুদকের পক্ষ থেকে এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়।























