সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা
- আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে
লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট ভাঙার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গোডাউনের সামনে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার নিয়ে সিন্ডিকেট বন্ধের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে সড়ক ছেড়ে দেন কৃষকরা।
এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। আজ হাতীবান্ধার একটি ইউনিয়নে সার ছাড়ার কথা শুনে কৃষকরা মহেন্দ্রনগরে চলে আসায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, সারের সংকট নেই। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






















