দেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানি করার সুযোগ দেওয়া হবে না। কেউ এমন কাজে জড়িত হলে তথ্য পাওয়া মাত্রই তাকে আইনের আওতায় আনা হবে।
ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, প্রায় ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ ও অপশক্তির বিনাশের উদ্দেশ্যেই তার জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়।
তিনি বলেন, দেশের সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ কাজে সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
উৎসব পালনে সরকারের সহযোগিতা
আইনমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উৎসব পালন করছেন। ধর্মের প্রতি তাদের আস্থা ও বিশ্বাসের সঙ্গে সংহতি জানাতেই তিনি অনুষ্ঠানে এসেছেন।
তিনি আরও বলেন, সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। সরকার এ ক্ষেত্রে সবসময় পাশে থাকবে। ধর্ম পালনের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে।
পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।






















