বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে ইন্টারে থাকলেন লাউতারো
- আপডেট সময় : ১১:৪২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বার্সেলোনার আগ্রহ থাকলেও ইন্টার মিলান ছাড়ছেন না আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। কাতালান ক্লাবটির প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করলেও ইন্টারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে চেয়েছিল বার্সেলোনা। তবে অ্যাতলেটিকো মাদ্রিদ তাকে ছাড়তে রাজি না হওয়ায় বিকল্প হিসেবে লাউতারো মার্টিনেজের দিকে নজর দেয় কাতালান ক্লাবটি।
বার্সেলোনার আগ্রহ স্বীকার লাউতারোর
ইতালিতে অনুষ্ঠিত গ্রান গালা দেল কালচিও অনুষ্ঠানে বার্সেলোনার আগ্রহ নিয়ে মুখ খোলেন লাউতারো। কাতালান সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর বরাত দিয়ে স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
লাউতারো বলেন, বার্সেলোনার মতো ক্লাবের আগ্রহ পাওয়া গর্বের বিষয়। তবে তার কাছে ইন্টার মিলানই ছিল প্রথম পছন্দ।
ইন্টার অধিনায়ক বলেন, ‘আমি সবসময়ই বলেছি, আমি ইন্টারে থাকতে চাই। আমার সতীর্থ ও সমর্থকদের সঙ্গে থাকতে চাই। যতক্ষণ তারা আমাকে চায়, আমি এই ক্লাবেই থাকব।’
ইন্টারের সঙ্গে দীর্ঘ চুক্তি
লাউতারোর সঙ্গে ইন্টার মিলানের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। তাই তাকে দলে পেতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতো বার্সেলোনাকে।
শেষ পর্যন্ত লাউতারোকে দলে নেওয়ার চেষ্টা আর এগোয়নি বার্সেলোনা। আক্রমণভাগ শক্তিশালী করতে তারা আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে।
ইন্টার ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি
ভবিষ্যতে দল পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি লাউতারো। তবে আপাতত ইন্টারেই সুখী বলে জানিয়েছেন তিনি।
লাউতারোর ভাষ্য, ফুটবলে কখনো কখনো প্রয়োজন ফুরিয়ে গেলে খেলোয়াড়কে ক্লাব ছাড়তে হয়। তবে ইন্টারের হয়ে খেলাকে তিনি গর্বের বিষয় হিসেবে দেখেন।
তিনি আরও বলেন, ইন্টারে থেকেই নিজেকে প্রতিদিন আরও উন্নত করতে চান। পাশাপাশি ক্লাবটির হয়ে বড় শিরোপা জয়ের লক্ষ্যও রয়েছে তার।





















