নেপালের পর্যটনে পাশে দাঁড়ানোর আহ্বান মনীষার
- আপডেট সময় : ০৩:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপালের পর্যটন খাতকে সচল রাখতে আন্তর্জাতিক পর্যটকদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও নেপালের মেয়ে মনীষা কৈরালা।
রোববার (৩০ আগস্ট) কাঠমান্ডুতে সদগুরুর আয়োজিত ‘ইন সলিডারিটি উইথ নেপাল’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দুর্যোগের খবর দেখে যেন পুরো নেপালকে পর্যটনের জন্য বর্জন করা না হয়। বরং যেসব এলাকা নিরাপদ, সেসব স্থানে ভ্রমণ করে দেশটির পর্যটন ও অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করা উচিত।
মনীষা বলেন, নেপালের প্রতি বিশ্বের মানুষের যে ভালোবাসা ও সমর্থন রয়েছে, এই সংকটের সময়ে তা আরও বেশি প্রয়োজন। তবে সেই সমর্থন শুধু সহানুভূতিতে সীমাবদ্ধ না রেখে পর্যটন খাতের পাশে দাঁড়ানো জরুরি।
‘নেপালকে শুধু দুর্যোগের দেশ হিসেবে দেখবেন না’
নেপাল-তিব্বত সীমান্তের কিছু এলাকায় ভয়াবহ দুর্যোগের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পরিস্থিতি কঠিন হলেও দেশের সব জায়গা একইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তাই অন্যান্য অঞ্চলে পর্যটন কার্যক্রম চালু রাখা প্রয়োজন।
তিনি বলেন, ‘পর্যটনই আমাদের প্রাণ। দেশের বাকি অংশে আমাদের পর্যটন প্রয়োজন।’
দুর্যোগের কারণে নেপালকে শুধু সংকট ও বিপর্যয়ের দেশ হিসেবে দেখার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মনীষা। তার ভাষ্য, নেপালকে এমন একটি দেশ হিসেবে পরিচিত করতে চান না, যেখানে সব সময় সমস্যা লেগেই থাকে।
সৌন্দর্য-সংস্কৃতির নেপালকে তুলে ধরার আহ্বান
মনীষার মতে, দুর্যোগের খবরের আড়ালে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যাওয়া উচিত নয়। হিমালয়, সুন্দর আবহাওয়া, প্রকৃতি, সংস্কৃতি ও অতিথিপরায়ণ মানুষের জন্য নেপালের পরিচিতি তুলে ধরতে হবে।
আন্তর্জাতিক পর্যটকদের উদ্দেশে তিনি নেপাল ভ্রমণে উৎসাহিত করে বলেন, নিরাপদ এলাকাগুলোতে পর্যটন অব্যাহত রাখার মাধ্যমে নেপালের মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

























