জনবান্ধব কাজ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর: পর্যটনমন্ত্রী
- আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
তিনি বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনকল্যাণে কাজ করতে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনগণের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজের আহ্বান
মন্ত্রী বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সফল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারলে জনগণ তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবে। একই সঙ্গে সরকারের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষাও পূরণ হবে। তবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হলে জনগণ সরকারের প্রতি আস্থা হারাতে পারে।
মাদক ও চোরাচালান রোধে সতর্ক থাকার নির্দেশ
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা প্রয়োজন।
তিনি বলেন, প্রত্যেককে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও যথাযথ বাস্তবায়নে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
তিনি ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজ করে জনগণের স্বপ্ন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের প্রশাসক, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

























