নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ কয়েকশ
- আপডেট সময় : ১২:০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এখনও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত বিভিন্ন ক্ষতিগ্রস্ত জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর কাঠমান্ডু পোস্ট।
পুলিশের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ানে। সেখানে ২৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নওয়ালপরাসি ইস্টে ১৫৮টি, গোরখায় ৪৮টি, নওয়ালপরাসি ওয়েস্টে ৪৭টি এবং ধাদিংয়ে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া নুয়াকোটে ৪১টি, তানাহুনে ৩১টি এবং রাসুয়ায় ১৩টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান
ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে এখনও ব্যাপকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।
উচ্চঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্যার ধ্বংসাবশেষ ও ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়ক পরিষ্কারের কাজ চলছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি ত্রাণ কার্যক্রম দ্রুত পৌঁছে দিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
ভেসে গেছে বাড়িঘর ও অবকাঠামো
এর আগে বুধবার সকালে উত্তর নেপালের রাসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা আঘাত হানে। প্রবল স্রোতের সঙ্গে পানি ও ধ্বংসাবশেষ বোটেকোশি ও ত্রিশূলী নদীতে প্রবাহিত হয়।
এতে বাড়িঘর, সেতু, সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ভেসে যায়। ফলে বেশ কয়েকটি এলাকার বাসিন্দা ও যাত্রীরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
উদ্ধারকারী দলগুলো আরও দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। নতুন করে মরদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে নেপালে পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





















