চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচ
- আপডেট সময় : ০৩:০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্র শেষ হয়েছে। বৃহস্পতিবারের ড্রয়ে ৩৬ দল জেনে গেছে নিজেদের প্রতিপক্ষ। প্রথম পর্বেই থাকছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ।
আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে লিগ পর্বের খেলা। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এই পর্বেই মুখোমুখি হবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর বেশ কয়েকটি দল।
রিয়াল মাদ্রিদ-ইন্টার মিলান
চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ এবার মুখোমুখি হবে ইন্টার মিলানের। সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান ক্লাবটিকে স্বাগত জানাবে স্প্যানিশ জায়ান্টরা।
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল রিয়াল। ইউরোপীয় প্রতিযোগিতায় দুই দল এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে। রিয়ালের জয় ৭টি, ইন্টারের ৫টি। একটি ম্যাচ হয়েছে ড্র।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছিল ইন্টার। ১৯৬৪ সালের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপিয়ান কাপ জিতেছিল তারা।
আর্সেনাল-রিয়াল মাদ্রিদ
আরেকটি বড় লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে হবে ম্যাচটি।
গত মৌসুমের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। দুই লেগেই জিতেছিল আর্সেনাল। লন্ডনে ৩-০ এবং মাদ্রিদে ২-১ গোলে জয় পায় ইংলিশ ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে এখনো হারেনি আর্সেনাল।
পিএসজি-বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবার খেলবে বার্সেলোনার বিপক্ষে। গত মৌসুমের লিগ পর্বেও দেখা হয়েছিল দুই দলের। সেবার ২-১ গোলে জয় পেয়েছিল প্যারিসের ক্লাবটি।
দুই দলের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ২০১৬-১৭ মৌসুমের শেষ ষোলোতে। প্রথম লেগে পিএসজি ৪-০ গোলে জিতেছিল। ফিরতি লেগে বার্সেলোনা ৬-১ গোলে জিতে অবিশ্বাস্যভাবে কোয়ার্টার ফাইনালে ওঠে।
ম্যানচেস্টার সিটি-পিএসজি
আরেকটি বড় ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। দুই দলের আগের সাত দেখায় সিটির জয় ৪টি। পিএসজি জিতেছে ২টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে ড্র।
তবে সর্বশেষ দেখায় জয় পেয়েছিল পিএসজি। ২০২৪-২৫ মৌসুমের লিগ পর্বে সিটিকে ৪-২ গোলে হারিয়েছিল তারা।
অ্যাস্টন ভিলা-পিএসজি
লিগ পর্বের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও পিএসজি। ভিলা পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গত মৌসুমের কোয়ার্টার ফাইনালেও দেখা হয়েছিল দুই দলের। দুই লেগের লড়াই শেষে পরের রাউন্ডে উঠেছিল পিএসজি।
ম্যানচেস্টার সিটি-বার্সেলোনা
লিগ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হবে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার লড়াই। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৬ সালের গ্রুপ পর্বে। সেবার ৩-১ গোলে জিতেছিল সিটি।
তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বার্সেলোনা। এখন পর্যন্ত তাদের জয় ৫টি। সিটির জয় মাত্র একটি।
ইন্টার মিলান-লিভারপুল
ইন্টার মিলান ও লিভারপুলের ম্যাচেও থাকবে বাড়তি আকর্ষণ। মুখোমুখি হবেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার দুই তারকা লাউতারো মার্তিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
গত মৌসুমে সান সিরোতে লিভারপুল ১-০ গোলে জিতেছিল। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ইন্টার।
লিভারপুল-অ্যাতলেটিকো মাদ্রিদ
লিগ পর্বে লিভারপুলের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। ইউরোপীয় প্রতিযোগিতায় এর আগে সাতবার মুখোমুখি হয়েছে দুই দল।
লিভারপুল জিতেছে তিনবার। অ্যাতলেটিকোর জয় দুটি। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
গত মৌসুমের লিগ পর্বে অ্যাতলেটিকোকে ৩-২ গোলে হারিয়েছিল লিভারপুল। এবার সেই হারের জবাব দিতে চাইবে স্প্যানিশ ক্লাবটি।
আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল খেলবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
গত মৌসুমের লিগ পর্বে বায়ার্নকে ৩-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। তবে সামগ্রিক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বায়ার্ন।
দুই দলের আগের পাঁচটি নকআউট লড়াইয়ের প্রতিটিতেই জয় পেয়েছে জার্মান ক্লাবটি।
ম্যানচেস্টার ইউনাইটেড-বায়ার্ন মিউনিখ
ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরেই বড় পরীক্ষার মুখে পড়ছে ইংলিশ ক্লাবটি।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে বায়ার্ন এগিয়ে। তাদের জয় ৬টি। ইউনাইটেড জিতেছে ২টি। পাঁচটি ম্যাচ হয়েছে ড্র।
তবে সবচেয়ে স্মরণীয় ম্যাচে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯৮-৯৯ মৌসুমের ফাইনালে শেষ মুহূর্তের দুই গোলে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।



























