ইরান-পাকিস্তান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’
- আপডেট সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই সংকট নিরসনে পাকিস্তান ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
মঙ্গলবার (২৫ আগস্ট) তেহরান সফর শেষে সাংবাদিকদের তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট তার দেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে গিয়ে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানো, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করা এবং দ্রুত উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তেহরান সফরের আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন। ওই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
সম্প্রতি ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টায় কোনো দেশ সহায়তা করলে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এর পরিপ্রেক্ষিতে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ হরমুজ প্রণালিকে ঘিরে এমন উত্তেজনা বৈশ্বিক তেল সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তান-ইরান আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে দুই দেশের এই কূটনৈতিক তৎপরতাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।




















