খুলনায় জোড়া খুনের মূল হোতাসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৫:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীর লবণচরা ও হরিণটানা এলাকায় জোড়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আল আমিন হোসেন সাইফি (২১) ও তার সহযোগী রফিকুল ইসলাম রাকিবকে (১৭) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার সংবাদ সম্মেলনে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গত ২০ আগস্ট নাজমুল ও মঞ্জুরুল ইসলাম নামে দুই যুবককে হত্যা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গোপালগঞ্জের মাঝিগাতী বাজার এলাকা থেকে সাইফি ও রাকিবকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্যাং বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে। প্রতিশোধ নিতে সাইফির নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল হামলা চালায়। এ সময় মঞ্জুরুলকে তার বাবার সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরে অপহৃত নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাইফির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শটগান, একটি রিভলভার ও তিনটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে।
র্যাব জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















