বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা
- আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
অল্প সময়ের ব্যবধানে সিদ্ধান্ত বদলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত একাদশে শেষ পর্যন্ত নাথান লায়নকে রেখেই মাঠে নামছে প্যাট কামিন্সের দল।
শনিবার ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। এর আগে অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, একাদশে দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং টসের সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অল্প সময় পরই নির্বাচকরা বৈঠক করে একাদশ নিশ্চিত করেন।
মধ্য কুইন্সল্যান্ডের আবহাওয়ার কারণে লায়নের পরিবর্তে চার পেসার নিয়ে মাঠে নামার বিষয়টি ভাবছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে তারা। ডারউইন টেস্টের দল থেকে একমাত্র পরিবর্তন হিসেবে জ্যাক ওয়েদারল্ডের জায়গায় দলে আসা ম্যাট রেনশ একাদশে জায়গা পেয়েছেন।
ম্যাকাই টেস্টে ড্র করলেও প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারাবে অস্ট্রেলিয়া। তাই সিরিজ সমতায় ফেরাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।
অজি সংবাদমাধ্যম ক্রিকেটডটকম ডটএইউ জানিয়েছে, কামিন্সের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই মাঠের পাশে বৈঠকে বসেন নির্বাচকরা। সেখানেই লায়নকে একাদশে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ফিট থাকা এই স্পিনারকে লাল বলের টেস্টে বাদ দেওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৪ বছর আগে।
এদিকে তিন নম্বরে ব্যর্থতার মধ্যেও একাদশে জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। ২০২৩ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা ম্যাট রেনশ আবারও ওপেনিংয়ে ফিরছেন। এর আগে ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমে টেস্ট সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার।
ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:
ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।





















