কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনি নিহত
- আপডেট সময় : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোসনা বেগম (৫০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের কাছে দেখানোর জন্য জোসনা বেগম তাঁর নাতনি চাঁদনী আক্তারকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে এসেছিলেন। চিকিৎসা শেষে বাসস্টেশনে ফেরার পথে শাসনগাছা ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে ওই নারী ও তাঁর নাতনি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
নিহত জোসনা বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তারও জানান, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।























