চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু
- আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দুপুরে চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বন্দর ভবনে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের একটি ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীলতা এবং পরবর্তীতে উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। এর মূল উদ্দেশ্য হলো দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা, রপ্তানি ও শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি নিরাপদ ও সুবান্ধব পরিবেশ সৃষ্টি করা, যাতে ব্যবসায়ীরা কোনো বাধা ছাড়া তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন। আগামী দিনে বন্দর ও কাস্টম মিলে নতুন ধারার সৃষ্টি হবে জানিয়ে মন্ত্রী বলেন এর মাধ্যমে ব্যবসায়ী, সরকার ও জনগণ লাভবান হবে। আগামী ২০৩৪ সনে যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির কথা বলা হচ্ছে সেটার পথ সুগম হবে।
এনসিটি টার্মিনাল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘যারাই পোর্ট চালাক, তাদেরকে এগুলো মেনে জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে একই পথে চালিত হতে হবে। পোর্ট কে চালাবে না চালাবে এটি আমাদের বিষয় নয়। যখন যার হাতে পোর্ট থাকবে সেটি দেশি হোক বা বিদেশি হোক তাদের এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে।’
বন্ধ কারখানা চালু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে অর্থনীতিকে সরলীকরণ করা হয়েছে, ডিরেগুলেশন করা হয়েছে, কর কমানো হয়েছে যাতে শিল্পগুলো উঠে আসতে পারে। অনেক উদ্যোগ এ সরকার নিয়েছে। অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে।’


























