আদালতে পরোয়ানা জারির পর আইনজীবীকে কুপিয়ে জখমের অভিযোগ
- আপডেট সময় : ১১:৪৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকির ফরাজীর বিরুদ্ধে।
রোববার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছলাবুনিয়া গ্রামের স্লুইসগেট এলাকায় আইনজীবী সামিউল আলীমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত সামিউল আলীম আমড়াগাছিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি। তাঁকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, জাকির ফরাজীর বিরুদ্ধে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে একটি মাদক মামলা চলমান রয়েছে। ওই মামলায় তাঁর আইনজীবী ছিলেন সামিউল আলীম। রোববার ধার্য তারিখে জাকির আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সামিউল আলীমের অভিযোগ, আদালতের আদেশের বিষয়টি তিনি মুঠোফোনে জাকিরকে জানানোর পর রাতের দিকে তিনি বাড়ির সামনে একটি চায়ের দোকানে গেলে জাকির মোটরসাইকেলে এসে ধারালো দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান। এতে তাঁর পায়ে গুরুতর জখম হয়।
অভিযুক্ত জাকির ফরাজী মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, হামলার বিষয়টি তিনি স্থানীয়ভাবে জেনেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























