নারায়ণগঞ্জে ৭ জামায়াতপন্থী আইনজীবীর এপিপি-জিপি পদ থেকে পদত্যাগ
- আপডেট সময় : ০৭:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে জামায়াতপন্থী সাতজন আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) তারা জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও দেওয়া হয়েছে।
পদত্যাগপত্রে তারা বিএনপি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, বিশেষ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারপতি নিয়োগসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করেন।
পদত্যাগকারী আইনজীবীরা জানান, সাংবিধানিক শাসন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার স্বার্থে ‘বিবেকের তাড়নায়’ তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা সবাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক এবং জামায়াত-সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন।


























