লংলেই পাড়ার মানুষের পানির সংকট দূর করতে সেনাবাহিনীর নতুন উদ্যোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লংলেই পাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থাপিত সৌরচালিত পানির পাম্প উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাম্পটির উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
স্থানীয়রা জানান, আগে বিশুদ্ধ পানির জন্য তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। নতুন এই সৌরচালিত পাম্প চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং পানিবাহিত রোগের ঝুঁকিও হ্রাস পাবে।























