মোবাইল নয়, হাতে খুন্তি-কোদাল; মহিষমারা কলেজের শিক্ষার্থীদের সবুজ বিপ্লব
- আপডেট সময় : ০৭:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারে যখন নতুন প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি বাড়ছে, তখন ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা কলেজের শিক্ষার্থীরা। মোবাইল ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে খুন্তি, কোদাল ও কৃষি যন্ত্রপাতি।
কলেজের উৎপাদনমুখী শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা ফসলের মাঠে নেমে বীজ থেকে চারা উৎপাদন, সবজি চাষ ও নিরাপদ কৃষি পদ্ধতি হাতে-কলমে শিখছে। ২০১৮ সাল থেকে চালু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বাড়িতেও বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হয়ে উঠছে।
২০১৩ সালে আদর্শ কৃষক ছানোয়ার হোসেন নিজের ১৩৫ শতাংশ জমির ওপর মহিষমারা কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটিতে তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কৃষিনির্ভর এলাকার শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্টরা বলছেন, কৃষি শিক্ষা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমানোর পাশাপাশি ভবিষ্যতে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।






















