ইরানের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০৩:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর রাতভর পাল্টা হামলা চালায় ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি একটি বেসামরিক জাহাজে হামলা চালানোর জবাবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আইআরজিসি সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি জিএফএস গ্যালাক্সি’-তে সরাসরি হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজটি আর চলতে পারেনি। এ ঘটনায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি জাহাজ অনুমোদিত নৌপথ ছেড়ে অন্য পথে চলার চেষ্টা করেছিল। এ কারণে আইআরজিসি প্রথমে সতর্কবার্তা দেয়। পরে জাহাজটি নির্দেশ না মানায় সেটির দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়।


























