উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বাড়ায় আকস্মিক বন্যার আশঙ্কা
- আপডেট সময় : ০১:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
উজানের অতিবৃষ্টি ও ঢলে দেশের উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বাড়ায় আকস্মিক বন্যায় প্লাবিত হতে পারে তীরবর্তী এলাকা । পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ইতোমধ্যে কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এ অবস্থা অপরিবর্তিত থাকলে আগামী ৭২ ঘণ্টায় দুধকুমার, তিস্তা ও ধরলা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
পাউবোর কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, গতকাল সকালে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর দিনভর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টায় বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকাল ৩টায় তিস্তার পানি কুড়িগ্রামের প্রবেশ পথে রংপুরের কাউনিয়া পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করলেও দিন শেষে সন্ধ্যা ৬টায় তা কমতে শুরু করে। ব্রহ্মপুত্রের পানি সব পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন জেলার সবকটি নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস রয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার দুধকুমার অববাহিকার পাটেশ্বরীতে সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী এবং পরবর্তী তিন দিন মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

























