নতুন যুগে প্রবেশ করছে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
- আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
৪টি শিপ-টু-শোর-এসটিএস ক্রেন যুক্ত হওয়ার মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল- পিসিটি। টার্মিনালটি পরিচালনার দায়িত্বে থাকা সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল- আরএসজিটি জানিয়েছে, ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আনা চারটি অত্যাধুনিক এসটিএস ক্রেনের মাধ্যমে আগামী জুলাই মাস থেকে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে।
পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ২০২৪ সালের জুনে চালু হলেও এতদিন ছিল-না কোন এসটিএস ক্রেন। ফলে জাহাজ থেকে কন্টেইনার নামাতে বেগ পেতে হতো। এবার প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীন থেকে আনা হলো চারটি অত্যাধুনিক এসটিএস ক্রেন। যা দেশের ক্রমবর্ধমান কনটেইনার ট্রাফিক সামলানোর সক্ষমতাকে আরো শক্তিশালী করবে।
চীনের স্যানি মেরিন হেভি ইন্ডাস্ট্রির তৈরি এসব ক্রেন যুক্তের কারণে কমে আসবে পিসিটির অপারেশন টাইম। এছাড়া এই চারটি ক্রেন ব্যবহার করে দু’টি টার্মিনালে একসাথে দু’টি কন্টেইনার জাহাজে অপারেশন করার পাশাপাশি একটি বার্জ অপারেশন করতে পারবে টার্মিনালটি। এতে সময় বাঁচার পাশাপাশি টার্মিনালটির অপারেশনাল কার্যক্রমে গতি আসবে বলে জানিয়েছে আরএসজিটি কর্তৃপক্ষ।
শুধু সক্ষমতায় নয়, পরিবেশবান্ধব প্রযুক্তির দিক থেকেও এগিয়ে এই ক্রেনগুলো। সম্পূর্ণ বিদ্যুৎচালিত হওয়ায় কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কোঠায় থাকবে। এসবের বাইরেও আরো এক বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলছে আরএসজিটি।
বার্ষিক প্রায় সাড়ে চার লাখ একক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা থাকলেও ২০২৫ সালে পিসিটি কন্টেইনার হ্যান্ডেল করে এক লাখ ৫৪ হাজার ৫৬৪ একক কনটেইনার।

























