উজানের পাহাড়ি ঢলে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি
- আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানিপ্রবাহ বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। আজ সকাল ৬টার দিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, যা বিপৎসীমা থেকে মাত্র ৫ সেন্টিমিটার নিচে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউবো।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও উজানে ভারতের মেঘালয় ত্রিপুরায় অতিবৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। একে লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তিস্তার পানি আরও বাড়তে থাকলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ধরলা ও দুধকুমার নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নদী অববাহিকা এবং ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুরের নদী অববাহিকাগুলো সাময়িক ভাবে প্লাবিত হতে পারে। এছাড়াও সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।


























