রামিসা নির্যাতন ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল গ্রহণ
- আপডেট সময় : ০৫:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্যাতন ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর গ্রহণযোগ্যতার ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে নিম্ন আদালতের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সসহ মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। আইন অনুযায়ী, উচ্চ আদালতের অনুমোদন ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই দণ্ড কার্যকর হবে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। দ্রুত তদন্ত শেষে ছয় দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর গত ১ জুন মামলার বিচার শুরু হয়।























