কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে বেশিরভাগ ট্রেন সময়মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন বিলম্ব হওয়ায় কিছুটা দুর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রেনের সবকিছু নির্বিঘ্নে চলছে বলে মন্তব্য করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সকাল থেকে তিনটি ট্রেন আসতে বিলম্ব হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার ব্যবস্থাপনা দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ঝুকিপূর্ণ জায়গা চিহ্নিত করে এবার ঈদের আগে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের পথে ছুটতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ভোর থেকেই পরিবার-পরিজন নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন যাত্রীরা। টিকিট সংকট আর কিছু ট্রেনের বিলম্ব থাকলেও, বড় ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তির ঈদযাত্রার আশা ঘরমুখো মানুষের।
সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন সময়মতো ছেড়ে যায়। তবে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ও লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস বিলম্বিত হয়। এর মধ্যে বুড়িমারী এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। কয়েকটি ট্রেন বিলম্বিত হওয়ার কারণ হিসেবে তিনি জানান, লাইনের ওপর ধানের খড় শুকানোর জন্য ফেলে রাখার কারণে একটি ট্রেনের চাকা স্লিপ করে।
মন্ত্রী জানান, প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হলেও ঈদ উপলক্ষে অতিরিক্ত কোচ যুক্ত করে তা ৪০ হাজারের বেশি করা হয়েছে। এবারের ঈদযাত্রায় নতুন ৫১টি কোচ সংযুক্ত করা হয়েছে। এছাড়া ৫ জোড়া বিশেষ ট্রেনও চালু করা হয়েছে।


























