পুঁজি হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়ার আড়তদাররা
- আপডেট সময় : ০৭:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৬৯০ বার পড়া হয়েছে
পুঁজি হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছেন চট্টগ্রামে চামড়ার আড়তদাররা। এবারের কোরবানির ঈদের সপ্তাহখানেক বাকি। কিন্তু, বিগত বছরের বকেয়া টাকা এখনো পরিশোধ করেনি ঢাকার ট্যানারি মালিকরা। আর্থিক সংকট কাটাতে ব্যাংক থেকে ঋণ নিয়েও বিপাকে তারা। আড়তদারদের অভিযোগ চট্টগ্রামে ট্যানারি না থাকায় তারা পুরোপুরি জিম্মি ঢাকার মালিকদের কাছে।
বন্দরনগরী চট্টগ্রামের এক সময়কার ব্যস্ততম চামড়ার আড়ত এলাকা আতুরার ডিপো। কোরবানির ঈদ ঘিরে থাকতো জমজমাট। ১১০টি আড়তের মধ্যে কমতে কমতে এখন আছে মাত্র ২০টি। এগুলোতেও চামড়া আছে, কিন্তু নেই কেনার মানুষ। আর চট্টগ্রামের ২২টি ট্যানারির মধ্যে ২১টিই বন্ধ।
মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ ও লবণ দিয়ে প্রক্রিয়াজাতসহ ঢাকায় পাঠানো সবই করেন আড়তদাররা। কিন্তু ঢাকার ট্যানারি মালিকদের কাছে টাকা আটকা পড়ায় পুঁজি হারিয়ে নিঃস্ব তারা। জানান, প্রায় আড়াইশো আড়তদারের মাঝে টিকে আছেন মাত্র ৩০ জন।
এছাড়া লবণের দামও বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে একটি গরুর চামড়া সংরক্ষণে লবণ আর শ্রমিকের পেছনেই চলে যায় ৪০০ টাকার বেশি। এবার তা আরও বাড়বে।
মাঠ পর্যায়ের বিক্রেতারা চামড়ার দাম না পাওয়ার জন্য দুষছেন আড়তদারদের। তবে, এ অভিযোগ সঠিক নয় বলে দাবি তাদের।
সরকার বিনামূল্যে লবণ বিতরণ আর রপ্তানি উন্মুক্ত করার কথা বললেও, বাস্তবতা ভিন্ন। সংশ্লিষ্টদের শংকা, ঢাকা কেন্দ্রিক জোট আর বকেয়া পাওনা না পেলে না হলে চট্টগ্রামে চামড়া শিল্প গভীর অনিশ্চয়তায় পড়বে।

















