ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই আমরা জীবনের গান গাইতে চাই : সংস্কৃতি মন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ২৩৪৩ বার পড়া হয়েছে
গেলো ২০ বছরকে অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, এই অন্ধকারের ভেদ করে আমরা নতুন প্রভাত ও নতুন সূর্যোদয় আনতে চাই। সব ধ্বংস হয়ে গেছে আমরা জানি, তবে এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই আমরা জীবনের গান গাইতে চাই।
সকালে যশোরের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘যশোর ইনস্টিটিউট লাইব্রেরি’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর!’ কবিতা স্মরণ করে সংস্কৃতি মন্ত্রী বলেন, কালবোশেখী ঝড়ে সব ভেঙে তছনছ হয়ে গেলেও কবি যেমন তার মাঝে নূতনের কেতন দেখেছিলেন, আমাদেরও ঠিক সেভাবে বুক বেঁধে এগিয়ে যেতে হবে।
নতুন প্রজন্মকে বইমুখী ও পাঠাগারমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষকে পাঠাগারমুখী করার ব্যাপারে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। তরুণ প্রজন্মকে পুনরায় গ্রন্থাগারে ফিরিয়ে আনতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করবে।



























