জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী আজ
- আপডেট সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। বিদ্রোহ, মানবতা ও সাম্যের এই কবিকে স্মরণ করতে ঢাকা থেকে ত্রিশাল, কুমিল্লা, চট্টগ্রামসহ সারাদেশে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন।
জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে। কবির স্মৃতিবিজড়িত নজরুল একাডেমি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও নজরুলসংগীত পরিবেশনার ব্যবস্থা রয়েছে।
রাজধানীতে বাংলা একাডেমি আজ সেমিনার, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শিরোনামে তিন দিনব্যাপী আয়োজনের আজ শেষ দিন। জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেশের খ্যাতিমান শিল্পীরা নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশন করছেন।
নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মানিকগঞ্জের তেওতায় কবির স্ত্রী প্রমিলা নজরুলের স্মৃতিবিজড়িত স্থানেও জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান হচ্ছে। উল্লেখ্য, ১৮৯৯ সালের আজকের এই দিনে ভারতের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। সাম্য, মানবতা ও বিদ্রোহের এই কবির বাণী আজও বাঙালির চেতনায় অমলিন।


























