৩০ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, এবার শুরু হবে অনুসন্ধান
- আপডেট সময় : ০১:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কক্সবাজারের ইনানীতে ৩০ দিন পর নিয়ন্ত্রণে এসেছে গ্যাস উদগীরণের আগুন। ৩০ ইঞ্চি ক্যাসিং স্থাপনের মাধ্যমে বন্ধ করা হয়েছে কূপের আগুন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ক্রেনের সাহায্যে ক্যাসিং স্থাপনের পরপরই আগুন নিভে যায়। তবে ক্যাসিংয়ের সঙ্গে যুক্ত ডাইভার্ট লাইন দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে। ফলে কূপটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
বাপেক্স জানিয়েছে, পরবর্তী ধাপে কূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ প্রবেশ করিয়ে এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় ব্যবহার করা হবে বিশেষ ধরনের মাড বা কাদা। খননকাজ সফল হলে কূপের গঠনগত চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে মাড প্রয়োগ করা হবে। এর মাধ্যমে ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার পথ বন্ধ করার চেষ্টা করা হবে।
শুরু হবে ভূতাত্ত্বিক জরিপ
কূপটির ভবিষ্যৎ সম্ভাবনা যাচাইয়ে আগামী সপ্তাহ থেকে ভূতাত্ত্বিক জরিপ শুরু করার পরিকল্পনা রয়েছে বাপেক্সের। এ জরিপ শেষ করতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। জরিপের ফলাফল বিশ্লেষণ করেই পরবর্তী গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হবে।
বাপেক্সের ধারণা, কূপ থেকে নির্গত গ্যাস থার্মোজেনিক উৎসের হতে পারে। তবে গ্যাসের ধরন ও মজুত সম্পর্কে নিশ্চিত হতে জরিপের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বাণিজ্যিক উত্তোলনের সম্ভাবনা
বাপেক্সের কনসালট্যান্ট হাওলাদার অহিদুল ইসলাম জানান, এ ধরনের নমুনা থেকে সাধারণত গ্যাসের মজুত পাওয়ার সম্ভাবনা থাকে। তবে বাণিজ্যিকভাবে উত্তোলন করা যাবে কি না, তা নির্ভর করবে মজুতের পরিমাণের ওপর।
তিনি জানান, উত্তোলন ব্যয়ের তুলনায় গ্যাসের মজুত বেশি হলে বাণিজ্যিকভাবে উত্তোলনের উদ্যোগ নিতে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।
যেভাবে আগুনের সূত্রপাত
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় হঠাৎ গ্যাস উদগীরণ শুরু হয়। পরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর টানা ৩০ দিন ধরে কূপের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে থাকে।
দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার ৩০ ইঞ্চি ক্যাসিং স্থাপন করে আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্স। এখন কূপটির ভূগর্ভস্থ গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের অপেক্ষা।




















