চুয়াডাঙ্গায় ২০ মে থেকে হিমসাগর আম সংগ্রহ শুরু
- আপডেট সময় : ০৭:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় আগামী ২০ মে থেকে হিমসাগর আম সংগ্রহের কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অন্যান্য আম সংগ্রহ শুরু হয়েছে।
সকালে শহরের মহিলা কলেজপাড়ার একটি আম বাগান থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডারের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে।ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ মে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ করা হবে।


























