ইরানের নতুন প্রস্তাবে খুশি হতে পারেননি ট্রাম্প
- আপডেট সময় : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাবটি দিয়েছে ইরান, তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি হতে পারেননি। কারণ, তিনি মনে করছেন— নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই প্রস্তাবটি পছন্দ করেননি।
গত ১১ এপ্রিল ইসলাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিরসনে অতি সম্প্রতি তিন স্তর বা পর্যায়ের নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। এ যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোও হয়েছে। প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না। দ্বিতীয় পর্যায় : যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে। তৃতীয় পর্যায় : যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

























