ডিজেল সংকটে থমকে যাচ্ছে সেচ, বগুড়ায় বোরো চাষে অনিশ্চয়তা
- আপডেট সময় : ০৩:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আবহাওয়া অনুকূলে… মাঠভরা সবুজ ধান… তবুও স্বস্তি নেই কৃষকের মনে। ডিজেল সংকটে থমকে যাচ্ছে সেচ, অনিশ্চয়তায় পড়েছে এবার বগুড়ার বোরো চাষ। বাড়ছে উৎপাদন খরচ। আবার ফলন কম হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকরা।
কৃষকের চোখে আশার আলো। সবুজ ধানই তাদের বাঁচার স্বপ্ন… বেঁচে থাকার অবলম্বন। প্রকৃতিও এবার বেশ সহায়। সময়মতো বৃষ্টি ও অনুকূল আবহাওয়ায় দিগন্তজোড়া মাঠ ভরে উঠেছে বোরো ধানে। জেলায় প্রায় ১ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। প্রায় ৫০ হাজার সেচ পাম্পের মধ্যে বেশিরভাগই ডিজেল চালিত। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলনের আশা।
কৃষকের সেই স্বপ্নে হানা দিয়েছে ডিজেল সংকট। প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় থেমে যাচ্ছে পাম্প, ধানের ক্ষেতে নেই পানি। তেলের জন্য পাম্পে পাম্পে ঘুরছেন কৃষকরা।
মাঠে এখন সবুজ ধানের শীষ আসার মৌসুম। এমন সময়ে গাছের গোড়ায় পানি না থাকলে চিটা বাড়ার আশঙ্কা কৃষিবিদদের।
জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে এর প্রভাব শুধু কৃষকের ঘরেই নয়—পড়তে পারে দেশের খাদ্য নিরাপত্তায়।


























