বটগাছের ওপরে এক ভিন্নধর্মী রেস্টুরেন্ট!
- আপডেট সময় : ০৫:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
শান্ত সবুজের গভীর ছায়া,পাশে নিঃশব্দে বয়ে চলা পানির স্রোত,আর মাথার ওপরে খোলা আকাশ। প্রকৃতির এই অপূর্ব মঞ্চেই গড়ে উঠেছে এক বিস্ময়কর আয়োজন। যেখানে মাটিতে নয় বরং গাছের ডালে বসেই মানুষ উপভোগ করছে চা,কফি আর প্রিয় খাবারের স্বাদ।
বিশাল এক বটগাছের উপরে কাঠের মাচায় তৈরি এই ব্যতিক্রমী রেস্টুরেন্ট যেন বাস্তবের ভেতর লুকিয়ে থাকা কোনো এক স্বপ্নের দৃশ্য। এখানে বসলে মনে হবে শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির বুকেই যেন তৈরি হয়েছে এক টুকরো শান্তির ঠিকানা।
এই অনন্য উদ্যোগের দেখা মিলেছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা বাজারের পার্শবর্তী ঘোড়দহ গ্রামে। ওই গ্রামের কলেজ পড়ুয়া দুই যুবক কনক হোসেন ও আবির হাসান গড়ে তুলেছেন এই বৃক্ষ বিলাস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। যেখানে প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী দর্শনার্থীরা শুধু একটু ভিন্ন অনুভূতির খোঁজে,একটু অন্যরকম সময় কাটানোর আশায়।
রেস্টুরেন্টে গেলে সিড়ি বেয়ে উঠতে হয় গাছের উপরে। সেখানে কাঠ দিয়ে তৈরী করা হয়েছে মাচা। যখন চারপাশের সবুজে চোখ জুড়িয়ে যায়,তখন ভেসে আসে কোকিলের মধুর ডাক। তার সঙ্গে মিশে থাকে পাখিদের কিচিরমিচির শব্দ যা পুরো পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত ও মনোমুগ্ধকর৷ প্রকৃতির এই স্নিগ্ধ আবহে পরিবার পরিজনের সাথে এক কাপ চা কিংবা প্রিয় খাবার যেন হয়ে ওঠে আরও বেশি উপভোগ্য।
প্রকৃতির কাছাকাছি থেকে মানুষকে ভিন্নধর্মী ও শান্ত একটি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই তারা এই ক্যাফেটি তৈরি করেছেন বলে জানিয়েছন দুই উদ্যোক্তা। আগামীতে মিনি পার্ক গড়ে তোলারও স্বপ্ন আছে তাদের এমনটাই জানিয়েছেন এই দুই উদ্যক্তা
ঝিনাইদহ শহর থেকে ১৩ কিলোমিটার দুরে ঝিনাইদহ হরিণাকুন্ডু সড়কের চারাতলা বাজারের পাশে অবস্থিত এই রেস্টুরেন্টটি। এছাড়াও ঝিনাইদহ শহর থেকে হলিধানি বাজার ঘুরে কাতলামারী চারাতলা সড়কে গেলেই দেখা মিলবে ব্যতিক্রর্মী এই স্থানটির।






















