ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৬ লেন প্রকল্পে ধীরগতি, চরম ভোগান্তিতে যাত্রীদের
- আপডেট সময় : ০৬:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
৬ লেন উন্নতিকরণ প্রকল্পের মেয়াদ আছে আর কয়েক মাস। কিন্তু, কাজ হয়েছে মাত্র ৪ থেকে ৫ শতাংশ। এখনো শুরু হয়নি সড়কের মূল উন্নয়নকাজ। ফলে গুরুত্বপূর্ণ ঝিনাইদহ-যশোর মহাসড়কে প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও যানবাহনকে। স্থানীয়রা বলছেন, লেন উন্নীতকরণের কাজ হস্তান্তরের পর আর মেরামত না হওয়ায় হয়ে পড়েছে চলাচলের অযোগ্য আর ঝুঁকিপূর্ণ। দ্রুত সড়ক নির্মাণ করে ভোগান্তি দূর করার দাবি তাদের।
ঝিনাইদহ-যশোর মহাসড়ক দুই লেন থেকে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পটির কাজ শুরু হয় ২০২৪ সালের জানুয়ারিতে। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে হলেও, নেই দৃশ্যমান অগ্রগতি। ঝিনাইদহ শহরের বাইপাস, চুটলিয়া মোড় এলাকায় শেষ হয়েছে ফ্লাইওভারের কিছু অংশের কাজ। ধোপাঘাটা সেতুর জন্য তৈরি করা হয়েছে ব্রিজের গার্ডার। আর করা হয়েছে কয়েকটি কালর্ভাটের কিছু অংশ। কিন্তু সড়কের মূল উন্নয়নকাজ শুরু হয়নি।
জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রতায় থমকে আছে কাজ। ধুলাবালি, খানাখন্দে চরম দুর্ভোগে পড়ছেন এ সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। দ্রুত জটিলতা কাটিয়ে কাজ শুরু করার আহ্বান স্থানীয়দের।
সড়ক বিভাগ বলছে, জমি বুঝে না পাওয়ার কারণে কাজ করতে দেরি হচ্ছে। আর জেলা প্রশাসক বলছেন, দ্রুত সময়ের মধ্যেই অধিগ্রহণ শেষ হবে।
২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর- উইকেয়ার’কে ফেজ-১-এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে প্রকল্পের মেয়াদ।






















