গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জোটের বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল হিসেবে প্রথমবারের মতো বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট। বিএনপি সরকারের বিরুদ্ধে প্রথম এই কর্মসূচিতে ব্যাপক জনসমাগমে প্রস্তুতি নিচ্ছে ১১ দল। বিক্ষোভে অংশ নিতে রাজধানীর প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে কোটা নির্ধারণ করে দিয়েছে জামায়াত। তৃণমূলের নেতাকর্মীরাও জোরেসোরে প্রচারণা চালিয়েছেন।
এছাড়াও বাকি দলগুলোও তাদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির জানান দিতে গেলো দুই দিন ধরে তৎপরতা চালিয়েছেন। এক্ষেত্রে তাদের একাধিক উপকমিটি কাজ করছে। বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররমে নির্দিষ্ট ভেনু হলেও পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত তাদের উপস্থিতি দেখা যেতে পারে। এরআগে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গেলো বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে। জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।
























