রংপুরে এক নারী বদলে দিয়েছে অর্ধশত পরিবারের জীবন
- আপডেট সময় : ০৮:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৬০০ বার পড়া হয়েছে
রংপুরে এক নারীর উদ্যোগ বদলে দিয়েছে অর্ধশত পরিবারের জীবন। সুঁই-সুতার নকশায় তৈরি হচ্ছে স্বপ্ন, আত্মবিশ্বাস আর স্বনির্ভরতার গল্প।
অভাবের সংসারে ছোট্ট ঘর থেকেই রংপুরের উর্মি আক্তারের স্বপ্নযাত্রা শুরু। বিয়ের পর সংসারের চাপ সামলাতে গিয়ে হাল ধরেন নিজেই।
ইন্টারনেট দেখে শেখেন সুঁই-সুতায় নকশার কাজ। ধীরে ধীরে এটাই হয়ে ওঠে আয়ের পথ, আর সেখান থেকেই শুরু নতুন গল্প।
বাড়ির উঠানে কর্মব্যস্ত একদল নারী। কারও হাতে রঙিন সুতা, কারও হাতে সূঁই কাপড়ে ফুটে উঠছে নকশার পর নকশা। এযেন বদলে যাওয়ার এক নীরব গল্প।
উর্মির এই উদ্যোগে এখন যুক্ত হয়েছেন প্রায় পঞ্চাশের বেশি নারী। কেউ গৃহিণী, কেউ শিক্ষার্থী। হাতে কাজ পেয়ে কেউ চালাচ্ছেন নিজের পড়াশোনার খরচ, আবার কেউ সংসারের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন।
শুরুর পথটা সহজ ছিল না। সামাজিক বাধা, আর্থিক সংকট সবকিছু পেরিয়ে এগিয়ে গেছেন উর্মি।
আন্তর্জাতিক নারী দিবসে এই গল্প যেন মনে করিয়ে দেয় সুযোগ আর সাহস পেলেই নারীরা বদলে দিতে পারে নিজের জীবন, বদলে দিতে পারে সমাজও।
























